NBR News & Views

শতাধিক স্বর্ণবারের তথ্যে অভিযান, উড়োজাহাজের টয়লেটে মিলল ৫০টি

নিজস্ব প্রতিবেদক
শতাধিক স্বর্ণবারের তথ্যে অভিযান, উড়োজাহাজের টয়লেটে মিলল ৫০টি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে শতাধিক স্বর্ণবার থাকার তথ্য পায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ফ্লাইটটি অবতরণের পরপরই উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। প্রায় চার ঘণ্টা ধরে চলা টানা তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারগুলোর সন্ধান পাওয়া যায়।

পরে সেখান থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সে হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হয়নি। উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। এতে স্বর্ণগুলো উড়োজাহাজে কারা রেখেছিল এবং বিমানবন্দর থেকে বাইরে নেওয়ার পরিকল্পনায় কারা জড়িত ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শতাধিক স্বর্ণবার থাকার তথ্য পাওয়া গেলেও তল্লাশিতে ৫০টি স্বর্ণবার উদ্ধার হয়েছে। বাকি স্বর্ণবারগুলোর কোনো সন্ধান পাওয়া গেছে কি না এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।