NBR News & Views

চট্টগ্রাম কাস্টমস হাউজের আবাসিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কাস্টমস হাউজের আবাসিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০২ কোটি টাকা

চট্টগ্রাম কাস্টমস হাউজ-এর আবাসিক ভবন নির্মাণে ১০২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার ৮৪৩ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ‘কন্সট্রাকশন অব রেসিডেনসিয়াল বিল্ডিংস অব কাস্টমস হাউজ, চট্টগ্রাম’ প্যাকেজের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হলে মোট আটটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ছয়টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়নের সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি (টিইসি) কারিগরি ও আর্থিকভাবে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড-কে নির্বাচিত করে। প্রতিষ্ঠানটি ১০২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার ৮৪৩ টাকায় প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

জানা গেছে, প্রকল্পটি ২০২৩ সালের ১২ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত হয়েছিল।