NBR News & Views

শাহজালালে কাস্টমস গোয়েন্দার অভিযানে একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার মদ

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে কাস্টমস গোয়েন্দার অভিযানে একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে একই ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে ২৪ লিটার বিদেশি লিকার আটক করা হয়েছে। আটক লিকারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মহাপরিচালকের কাছে প্রাপ্ত নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ নজরদারি গ্রহণ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফট। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ (মুম্বাই-ঢাকা) ফ্লাইটে আগত কয়েকজন যাত্রীর ব্যাগেজে আমদানি নিষিদ্ধ পণ্য থাকতে পারে।

এর পরিপ্রেক্ষিতে সি-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেন। ফ্লাইটটি আনুমানিক সকাল ১০টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজনদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে কাসেমের ব্যাগ থেকে ৬ লিটার, এমডি মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং সামসুল আলম পালাশের ব্যাগ থেকে ১ লিটার লিকার পাওয়া যায়।

পরে কাস্টমস বিধি অনুযায়ী পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে মোট ২৪ লিটার লিকার আটক করা হয়। আটক লিকারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, একই রুট ও একই ফ্লাইটের একাধিক যাত্রীর মাধ্যমে লিকার বহনের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না, এর নেপথ্যে কারা জড়িত এবং কোনো সংঘবদ্ধ চক্র যাত্রীদের ব্যবহার করছে কি না—তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল অনুসন্ধান করছে।