NBR News & Views

শাহজালালে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ ও ১৪৪ মোবাইল ডিসপ্লে আটক

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ ও ১৪৪ মোবাইল ডিসপ্লে আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ নজরদারিতে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪ পিস ভেপ এবং ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে। আটক পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি গ্রহণ করেন।

এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। তল্লাশি ও ইনভেন্টরি শেষে তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়।

একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একে-৭১ ফ্লাইটের যাত্রী শেপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪ পিস ভেপ আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

অন্যদিকে, গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২৬ ফ্লাইটের যাত্রী কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮ পিস মোবাইল ডিসপ্লে এবং একই ফ্লাইটের যাত্রী শামিমা আক্তারের কাছ থেকে আরও ৪৬ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আগত তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪ পিস ভেপ এবং ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

একই দিনে পৃথক আন্তর্জাতিক রুটের যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য আটকের ঘটনায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব পণ্য আনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং এর নেপথ্যে কারা জড়িত—তা খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।