জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস হাউস, ঢাকা। গত ১১ থেকে ১৭ অক্টোবর পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণ ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ অবৈধ ও বাণিজ্যিক পণ্য জব্দ করা হয়েছে।
এনবিআরের ১৮ অক্টোবরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ ২৮৬ কেজি ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন এবং ৩১৫ কেজি ওষুধসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য।
এ ছাড়া যাত্রীদের নির্ধারিত ব্যাগেজ সুবিধার অতিরিক্ত আনা বাণিজ্যিক পণ্যের বিপরীতে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার রক্ষা এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

