NBR News & Views

মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ, রাজস্ব ফাঁকির আশঙ্কা ৩৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ, রাজস্ব ফাঁকির আশঙ্কা ৩৪ লাখ টাকা

মোংলা বন্দরের হারবাড়িয়া-৭ এলাকায় একটি জাহাজে ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন বেশি স্ল্যাগ শনাক্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অতিরিক্ত এই পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা বলে প্রাথমিকভাবে হিসাব করেছে কাস্টমস।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের আমদানিকৃত স্ল্যাগবাহী ‘এমভি আনাসা’ (MV ANASSA) জাহাজটি গত ১ সেপ্টেম্বর মোংলা বন্দরে আসে। বিল অব লেডিং অনুযায়ী, জাহাজটিতে ২৪ হাজার মেট্রিক টন স্ল্যাগ আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে কাস্টমস কর্মকর্তারা শিপিং এজেন্ট এবং সার্ভে ও মেরিন ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে প্রাথমিক লাইট ড্রাফট সার্ভে করেন। ওই সার্ভেতে জাহাজটিতে প্রায় ২৫ হাজার ৪৬৪ দশমিক ৬৮২ মেট্রিক টন পণ্য থাকার তথ্য পাওয়া যায়। এতে ঘোষিত পরিমাণের সঙ্গে জাহাজে থাকা পণ্যের পরিমাণে বড় ধরনের পার্থক্য ধরা পড়ে।

এ নিয়ে আমদানিকারক ও জাহাজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে আপত্তি জানানো হলে কাস্টমসের উদ্যোগে পুনরায় যৌথ সার্ভে করা হয়। পরবর্তী লাইট ড্রাফট সার্ভেতে চূড়ান্তভাবে জাহাজটিতে ২৫ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন স্ল্যাগ থাকার বিষয়টি নিশ্চিত হয়।

ফলে বিল অব লেডিংয়ে ঘোষিত ২৪ হাজার মেট্রিক টনের তুলনায় অতিরিক্ত ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন স্ল্যাগ শনাক্ত হয়েছে। কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অতিরিক্ত পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা।

এনবিআর বলছে, কাস্টমস কর্মকর্তাদের তথ্যভিত্তিক বিশ্লেষণ, সতর্কতা এবং কার্গোর প্রকৃত পরিমাণ যাচাইয়ের সক্ষমতার কারণেই ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের পরিমাণের এই পার্থক্য শনাক্ত করা সম্ভব হয়েছে।

ঘটনাটি আমদানিকৃত পণ্যের ঘোষিত পরিমাণ যাচাই এবং রাজস্ব সুরক্ষায় কাস্টমসের নজরদারির গুরুত্ব আরও স্পষ্ট করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।