NBR News & Views

আচারের বয়ামে হীরা-স্বর্ণ পাচার

শাহজালালে জব্দ ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে জব্দ ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে লুকিয়ে আনা ২ কোটি ৭০ লাখ টাকা বাজারমূল্যের হীরা, স্বর্ণ, প্লাটিনাম ও বিভিন্ন মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা যাত্রী মো. জনি রহমানের ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। এ সময় ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীর ব্যাগ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হলে ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ মূল্যবান অলংকার ও পাথর উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরার পাথর বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, হীরাখচিত ১৫১টি প্লাটিনামের আংটি, হীরা বসানো সাদা স্বর্ণের ৩টি অলংকার, হীরা বসানো রুপার ২টি আংটি, ৫টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল। এ ছাড়া ছোট-বড় মিলিয়ে ৭২০টি হীরা, পোখরাজ, রুবি ও অন্যান্য মূল্যবান পাথর এবং ২৩টি গয়নার প্রত্যয়নপত্র পাওয়া যায়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর মোট ওজন ১ কেজি ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়নপত্র অনুযায়ী, এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় যাত্রী মো. জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে।