হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় কাস্টমস হাউস, ঢাকা। তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা ও প্রতিরোধ দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকাগামী ফ্লাইট বিজি-১৪৮-এ বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যান্ত্রিক ও পরিচ্ছন্নতাকর্মীরা বিমান পরিষ্কার করে নিচে নামার সময় তাদের তল্লাশি করা হয়। বিমানটির নিরাপত্তাকর্মী নুর ইসলামের সহযোগিতায় তল্লাশির একপর্যায়ে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু দেখতে পান কাস্টমস কর্মকর্তারা।
পরে কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হয়। সেখানে ১২০টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি।
কাস্টমসের প্রাথমিক ধারণা, দুবাই-চট্টগ্রাম-ঢাকাগামী ফ্লাইটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজী স্বর্ণবারগুলো কালো স্কচটেপে অত্যন্ত কৌশলে লুকিয়ে সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে দেশে এনেছেন। পরবর্তীতে এসব স্বর্ণ বিমানবন্দর এলাকা থেকে বাইরে পাচারের চেষ্টা করা হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
অভিযানের সময় এভসেক, কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কাস্টমস হাউস, ঢাকা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় স্বর্ণের চালানটি আটক করা সম্ভব হয়েছে বলে এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধার করা স্বর্ণের মূল্য বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে তা বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণবারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

