NBR News & Views

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এনবিআরে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এনবিআরে কর্মশালা

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজস্ব আয় বাড়ানোর কৌশল নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মশালার আয়োজন করা হয়েছে। কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করা, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি প্রতিরোধ এবং রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা হবে।

আজ শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উদ্বোধন করবেন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তারা এতে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী রাজস্ব খাতের অগ্রগতি পর্যালোচনা, বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং বাস্তবায়নের গতি বাড়াতে কার্যকর কৌশল নির্ধারণ করা হবে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইশতেহারে রাজস্ব ব্যবস্থাপনায় কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে করের আওতা বাড়ানো, করজালের বাইরে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করা এবং নিয়মিত কর পরিপালন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পদ ও ব্যবসায়িক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য করদাতাদের চিহ্নিত করার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

কর ফাঁকি প্রতিরোধে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন উৎসের তথ্য সমন্বয়ের মাধ্যমে নজরদারি বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে প্রকৃত কর ফাঁকির ঝুঁকিতে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নজরদারি জোরদার করে করদাতাদের অযথা হয়রানি কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ কর্মশালার অন্যতম আলোচ্য বিষয়। আয়কর, ভ্যাট ও কাস্টমসের তথ্য ব্যবস্থাপনায় সমন্বয়, অনলাইন সেবার সম্প্রসারণ এবং তথ্যনির্ভর পদ্ধতিতে রাজস্ব ফাঁকির ঝুঁকি শনাক্ত করার কৌশল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আমদানি-রপ্তানিতে পণ্যের ঘোষিত মূল্য যাচাই, চালান ও লেনদেনের তথ্য বিশ্লেষণ এবং শুল্ক ফাঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়গুলোও গুরুত্ব পাবে।

এ ছাড়া করদাতাদের রিটার্ন দাখিল, কর পরিশোধ ও ভ্যাটসংক্রান্ত কার্যক্রম সহজ করার মাধ্যমে স্বেচ্ছায় কর পরিপালনে উৎসাহিত করার কৌশল নির্ধারণ করা হবে।

এর আগে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। প্রথম ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে বাস্তবায়ন কৌশল নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, করের আওতা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর রাজস্ব প্রশাসন, কর ফাঁকি প্রতিরোধ এবং করদাতাদের সেবা সহজ করার উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মশালায় মাঠপর্যায়ের বাস্তবতা ও বিদ্যমান সমস্যাগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।