NBR News & Views

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান

দুই দিনে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
 দুই দিনে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইল এলসিডি, মাদারবোর্ড, বিদেশি মদ, ওষুধ ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। সবমিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা, যা প্রায় ১ কোটি টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে সিআইআইডির ধারাবাহিক গোয়েন্দা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

গত ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি এয়ারপোর্ট এ-শিফট সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৮০৪ ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালায়। অভিযানে যাত্রী এমডি মানসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিনে অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আগত থাই এয়ারওয়েজের টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজে অভিযান চালায় সিআইআইডি। তল্লাশিতে বিশেষ কায়দায় লুকানো ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনার ২০০ মডেলের মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

একই ব্যাগেজ থেকে আরও ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০ পিস মাদারবোর্ডসহ ডিসপ্লে (বাটন মোবাইল) জব্দ করা হয়। জব্দ করা মোবাইল এলসিডির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া বিমানবন্দরে টহল দেওয়ার সময় ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি হাতব্যাগ পাওয়া যায়। ওই হাতব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

পরদিন ১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাহরাইন থেকে আগত গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমকালে আটক করে সিআইআইডি এ-শিফট। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যাগেজ তল্লাশি করে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে, গত ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও পৃথক অভিযান পরিচালনা করে সিআইআইডি। দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাব্রিলসহ বিভিন্ন ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডির তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের এসব ঘটনায় গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা। অর্থাৎ দুই দিনে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।