NBR News & Views

মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

হিলি প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশনে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ প্রায় ১০ লাখ টাকা মূল্যের পণ্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলার জালালপুর এলাকায় এসব পণ্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল বিভিন্ন ধরনের অখাদ্য খাদ্যপণ্য, তামাকজাতীয় পণ্য ও প্রসাধনী। কাস্টমসের আইনগত প্রক্রিয়া শেষে রোলার ও ভেকু দিয়ে পণ্যগুলো গুঁড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমানের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার ও ধ্বংস কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাহি উদ্দিন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএনএম নিয়ামত উল্লাহসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফয়সাল বিন রহমান জানান, প্রায় ২ হাজার ১৭৫টি জিআরভুক্ত পণ্য, যার ওজন প্রায় দেড় টন, দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল। এসব পণ্যের অনেকগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় নিলামে বিক্রি বা অন্যভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। আবার কিছু পণ্য নিলামে উঠলেও উপযুক্ত দর পাওয়া যায়নি কিংবা ক্রেতা মূল্য পরিশোধ ও পণ্য গ্রহণ করেননি।

তিনি আরও জানান, নিষিদ্ধ আমদানি পণ্য নিলামে বিক্রির সুযোগ না থাকায় আইন অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে।