NBR News & Views

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিবের ২৫ ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিবের ২৫ ব্যাংক হিসাব ফ্রিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

অবরুদ্ধ করা ২৫টি হিসাবের মধ্যে ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও উত্তরা ব্যাংকের হিসাব রয়েছে। এর আগে মুনীম, ঈদতাজুল ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের মে মাসে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দিয়েছিলেন আদালত।