NBR News & Views

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে এনবিআর কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে এনবিআর কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রশ্নফাঁস চক্রের সদস্য রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আসাদুল হাবিব, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল ইসলাম, এনবিআরের কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে নিলয় এবং প্রশ্নফাঁস চক্রের সদস্য মফিজুল ইসলাম ওরফে রাফি, হাসিনুর রহমান সুজন ও এমদাদুর রহমান।

এ ঘটনায় বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি।

এর আগে গত ১০ অক্টোবর সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরে মূল প্রশ্নপত্রের সঙ্গে ছড়িয়ে পড়া প্রশ্নের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর দূরদূরান্ত থেকে আসা অনেক চাকরিপ্রার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকা অবস্থায় বিপাকে পড়েন। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রাথমিকভাবে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে কমিটিকে সময় বাড়িয়ে দেওয়া হয়।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসায় নিয়োগ পরীক্ষা আয়োজনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার বিষয়টিও এখন গুরুত্ব পাচ্ছে।