NBR News & Views

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে আমার সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা : ডিসিএইইউ সভাপতি আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে আমার সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা : ডিসিএইইউ সভাপতি আবু হানিফ

সম্প্রতি সংবাদমাধ্যমে ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের (ডিসিএইইউ) সভাপতি মো. আবু হানিফকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।

এক প্রতিবাদলিপিতে মো. আবু হানিফ বলেন, প্রকাশিত সংবাদের মাধ্যমে তার দীর্ঘদিনের পেশাগত, ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। সংবাদটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তিনি।

আবু হানিফ বলেন, তিনি প্রায় ৭ হাজার কাস্টমস সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন। কাস্টমস সরকারের স্বার্থ ও অধিকার নিয়ে কাজ করার কারণে একটি মহল তার প্রতি ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, ব্যবসায় যুক্ত হওয়ার পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে তার বিরোধিতা করে আসছে। বিভিন্ন সময়ে তাকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি মনে করেন।

ডিসিএইইউ সভাপতি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার ভাবমূর্তি ও পেশাগত অবস্থান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে তার সম্পর্কে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই করা উচিত। কোনো পক্ষের দেওয়া একতরফা বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করারও অনুরোধ জানান তিনি।

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আবু হানিফ বলেন, তার সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা অব্যাহত থাকলে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার তিনি সংরক্ষণ করেন।