NBR News & Views

এনবিআর সদস্যের নামে নকল ফেসবুক আইডি, প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
এনবিআর সদস্যের নামে নকল ফেসবুক আইডি, প্রতারণার অভিযোগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কাজী লতিফুর রহমানের নামে নকল ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। ওই ভুয়া আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, প্রতারক চক্রটি এনবিআর সদস্য কাজী লতিফুর রহমানের নাম ও পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিত ও নিকটজনদের কাছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা পাঠাচ্ছে। পরে জরুরি প্রয়োজনের কথা বলে বিকাশে টাকা পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পরিচিত ব্যক্তির নাম ও পরিচয় দেখে কেউ কেউ বিষয়টি সত্য মনে করে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজী লতিফুর রহমানের নামে খোলা ওই ফেসবুক আইডিটি তাঁর নিজস্ব নয়। তাই ওই আইডি থেকে কোনো ধরনের বার্তা, অর্থ চাওয়া বা আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা বিশ্বাস না করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের কোনো মেসেজ পেলে সরাসরি ফোনে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া আইডির মাধ্যমে টাকা চাওয়া হলে কোনো অবস্থাতেই বিকাশ বা অন্য কোনো মাধ্যমে অর্থ না পাঠাতে বলা হয়েছে।

প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত বা সন্দেহজনক আইডি থেকে আসা আর্থিক অনুরোধের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।