চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডির কমিশনার হিসেবে বদলি করা হয়েছে ড. মো. নেয়ামুল ইসলামকে। ৮ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডিতে বদলির আদেশ দেওয়া হয়।
এর আগে ৬ অক্টোবর তাঁকে ইকোনমিক জোন কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার হিসেবে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তাঁকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক পদে পূর্ণকালীন সংযুক্ত করা হয়।
ড. মো. নেয়ামুল ইসলাম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা। গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে অতিরিক্ত কমিশনার থেকে কমিশনার পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়। তবে ওই পদে চলতি দায়িত্ব পালনের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনের ছয় মাস পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন তিনি। ছয় মাসের বেশি দায়িত্ব পালন করতে হলে মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চলতি দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাঁর পূর্ববর্তী দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এ দায়িত্বকে পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না এবং দাপ্তরিক কাজে পদবির সঙ্গে ‘চলতি দায়িত্ব’ শব্দ দুটি উল্লেখ করতে হবে।

