NBR News & Views

সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

পুরোনো শত্রুতার জেরে জমি বায়নার টাকা আত্মসাৎ এবং দৈনিক ‘সংবাদ সারাবেলা’র সহসম্পাদক ও ব্যবসায়ী সহিদুল ইসলামকে (৫০) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও পরিবারসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. সালাহ উদ্দিন হাওলাদারের (৩৪) বিরুদ্ধে।

জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সহিদুল ইসলাম খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নম্বর-৫৪১)। এ ছাড়া জমি নিয়ে প্রতারণা ও হুমকির অভিযোগে মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-৬৭২)।

জিডি ও মামলার বিবরণ থেকে জানা যায়, মো. আপ্তার আলী ও আলেয়া বেগমের ছোট ছেলে মো. সালাহ উদ্দিন হাওলাদার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জমি বিক্রির কথা বলে ব্যবসায়ী সহিদুল ইসলামের কাছ থেকে কয়েক লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তী সময়ে জমির রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য তাগাদা দিলে সালাহ উদ্দিন ও তাঁর পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে অভিযুক্ত সালাহ উদ্দিন ফোন করে সহিদুল ইসলাম, তাঁর ছোট ভাই ও বোনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ইতোমধ্যে উভয় পক্ষের কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই অডিওতে অভিযুক্ত ব্যক্তিকে দেখে নেওয়ার হুমকি দিতে এবং বায়না করা জমি না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দিতে শোনা যায় বলে দাবি করা হয়েছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সহিদুল ইসলাম জানান, টাকা আত্মসাৎ করতেই অভিযুক্ত সালাহ উদ্দিন তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সাংবাদিক সহিদুল ইসলাম এলাকায় একজন সুপরিচিত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তাঁরা অভিযুক্ত সালাহ উদ্দিন হাওলাদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছেন সর্বস্তরের সাংবাদিক সমাজও।