NBR News & Views

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মুতাসিম বিল্লাহ ফারুকীকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মুতাসিম বিল্লাহ ফারুকীকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম, চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, রোটারি ইন্টারন্যাশনাল, ঢাকাস্থ জামালপুর সমিতি, বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নতুন সিইওর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

শুভেচ্ছার জবাবে ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতকে সম্প্রসারিত করতে প্রধানমন্ত্রীর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর নির্দেশনায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে কার্যকর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। যথাযথ উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হলে এ খাত দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পর্যটন খাতের উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধি অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস ট্যাক্স অ্যাসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর (২০২১-২২), বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি, ঢাকাস্থ জামালপুর সমিতির সহসভাপতি এবং অফিসার্স ক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।