NBR News & Views

উদ্দীপনের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য হলেন মকবুল হোসেন পাইক

নিজস্ব প্রতিবেদক
উদ্দীপনের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য হলেন মকবুল হোসেন পাইক

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘উদ্দীপন’-এর তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অবসরপ্রাপ্ত সদস্য মকবুল হোসেন পাইককে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির কার্যক্রম পরিচালনা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর তিন সদস্যের এ তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করেছে।

গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর ধারা ৯-এর উপধারা (১)-এর আলোকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘উদ্দীপন’-এর কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই আদেশের আলোকে সংস্থাটির কার্যক্রম পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করা হয়।

তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমানকে। সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এনবিআরের অবসরপ্রাপ্ত সদস্য মকবুল হোসেন পাইক এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক শিব্বীর আহমদকে।

অফিস আদেশ অনুযায়ী, তত্ত্বাবধায়ক মণ্ডলী সংস্থাটির সর্বশেষ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১, বিধিমালা ১৯৬২ এবং সংস্থার অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

তত্ত্বাবধায়ক মণ্ডলীকে অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে বিধি মোতাবেক আগামী ৯০ দিনের মধ্যে সংস্থাটির নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিধি মোতাবেক সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে সমাজসেবা অধিদপ্তরে মাসিক প্রতিবেদন দাখিল করতে হবে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, তত্ত্বাবধায়ক মণ্ডলীর নিয়োগসহ সংশ্লিষ্ট নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।