সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এনবিআরের আদেশ অনুযায়ী, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়া খাতগুলোর মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতের পণ্য উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো নিবন্ধিত ব্যক্তি উল্লেখিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের কার্যক্রমে যুক্ত থাকলেও তার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে।
এনবিআর জানিয়েছে, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করার বিষয়ে এর আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া ভবিষ্যতে এই আদেশে উল্লেখ করা খাতের তালিকায় প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

